বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা আজকের তরুণ প্রজন্মের কাছে পরিচিত এক উজ্জ্বল নাম। বিশেষ করে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর মাধ্যমে তিনি ভক্তদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘গুডবাজ’ ও ‘ব্যাডবাজ’-এর মতো নাটকগুলোতেও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। চরিত্রে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপনের ক্ষমতা তাঁকে সমসাময়িকদের থেকে আলাদা করেছে।
অভিনয়ের পাশাপাশি পারসা ইভানা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মায়ের কাছে প্রায় তিন মাসের অবকাশযাপন শেষে দেশে ফেরেন তিনি। সেখান থেকে শাড়ি পরা বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভানা জানিয়েছেন, রান্নায় তিনি তেমন দক্ষ নন। তবে নাচ তাঁর খুবই প্রিয় বিষয়। মায়ের রান্নার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“আম্মু রান্নার কয়েকটা কোর্স করেছে, আর সব বাস্তব প্রয়োগ আমার ওপর করেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত খাওয়ার পরও আমার ওজন বাড়েনি।”
শুধু অভিনয় নয়, পারসা ইভানা একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও। ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ফলে অভিনয় ও নাচ—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা রয়েছে তাঁর।