বাংলাদেশ ও চীনের যৌথ সক্ষমতা ও উন্নয়ন সহযোগিতা তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রদর্শনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, “বাংলাদেশের কিছু দুর্বলতা রয়েছে, তবে সেগুলো চিহ্নিত করে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারব। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সহায়ক হতে পারে।”
শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিক শিল্প খাতে এখনও পিছিয়ে আছে। তিনি অবকাঠামো উন্নয়ন বিশেষত সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে চীনের সহযোগিতা কামনা করেন। তার ভাষায়, “প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ভয়াবহ প্রাণহানি ঘটছে। এটি রোধ করতে হলে সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা উন্নয়ন অপরিহার্য।”
এছাড়া তিনি জানান, আগামী রোববার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তাদের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ কাঠামো বিষয়ে আলোচনা হবে।
চীনা দূতাবাস আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রযুক্তি, অবকাঠামো, টেলিকম, কৃষি, স্বাস্থ্য, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীটি (১২ ও ১৩ সেপ্টেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।