ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পতৌদি কন্যা জানান, ইতালিতে তিনি প্রকাশ্যে অশ্লীল আচরণের শিকার হয়েছিলেন। এ ঘটনার কারণে মুহূর্তের জন্য তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।
পডকাস্টে সোহাকে জিজ্ঞাসা করা হয়, তাকে কখনো প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা বলেন, “হ্যাঁ, ইতালিতে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। একজন প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিল। বিষয়টি এত অপ্রত্যাশিত ছিল যে, আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই।”
তিনি আরও বলেন, “তখন আমি ঠিক বুঝতেই পারছিলাম না কী হলো আর কেন হলো। তাদের উদ্দেশ্য কী, সেটা জানারও প্রয়োজন মনে করিনি। তবে এটা সত্যি ভীষণ অস্বস্তিকর এবং আতঙ্কজনক ছিল।”
অভিনেত্রীর মতে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও জীবনযাপনের কারণে তিনি অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে বেঁচে গেছেন। সোহা বলেন, “আমার পরিচয় হয়তো আমাকে নিরাপদ রেখেছে। কিন্তু প্রতিদিন সাধারণ নারীরা, বিশেষ করে যারা গণপরিবহন ব্যবহার করেন, তারা আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন।”