পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান-কে নিয়োগ দিয়েছে। ব্যাংকটি সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন কাইয়ুম খান ডিজিটাল পণ্যের উদ্ভাবন, প্রযুক্তিগত সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স মডেল তৈরি, গ্রাহককেন্দ্রিক ব্যবসায়িক পরিকল্পনা এবং সেবার ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন। তিনি ডিজিটাল সেলস ও সার্ভিস নকশা প্রণয়ন ও বাস্তবায়নেও বিশেষ অবদান রেখেছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক-এ ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কাইয়ুম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ (EEE) বিএসসি ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি আমেরিকা, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।