২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞের জন্য ইতোমধ্যেই ফিফা টিকিট ও হসপিটালিটি প্যাকেজের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। ফলে সাধারণ ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
কিন্তু এই আগ্রহকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। তারা ভুয়া প্রচারণা চালাচ্ছে—বিশ্বকাপের টিকিট কিনলেই নাকি যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করে দিয়েছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।
বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপের টিকিটের সঙ্গে ভিসার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “ভিসা প্রদান একমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাসের এখতিয়ার। যারা ভুয়া প্রচারণা চালাচ্ছেন, দয়া করে তা বন্ধ করুন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে।”
অভিজ্ঞ ট্রাভেল ব্যবসায়ীরাও এই গুজবকে নিছক প্রতারণা বলে অভিহিত করেছেন। তাদের মতে, ভিসা প্রক্রিয়া সবসময় সংশ্লিষ্ট দেশের নীতিমালা অনুযায়ী হয়ে থাকে, কোনো ইভেন্টের টিকিট কেনার সঙ্গে এর যোগসূত্র নেই।
বাংলাদেশ কনস্যুলেট দর্শকদের সতর্ক করে বলেছে—বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতারণার শিকার না হতে সচেতন হতে হবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র, যা আরও এক ধাপ বাড়াবে ভক্তদের আগ্রহ।