বলিউডের আলোচিত অভিনেত্রী হুমা কোরেশিকে ঘিরে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কের জল্পনা চলছিল অনেক দিন ধরে। এর মধ্যেই শোনা গেল, হুমা কোরেশি নাকি বাগদান সারলেন! তবে এবার নীরবতা ভেঙে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করেন হুমা। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছালাম।” তার এই বক্তব্যকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
এদিকে, হুমার বাগদান নিয়ে জল্পনার সূত্রপাত হয় অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু আকশা সিংয়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে আংটিবদল করেছেন হুমা— এমন ইঙ্গিত দেন আকশা। তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে হুমা ও রচিতকে কালো পোশাকে একসঙ্গে দেখা যায়। ছবির ক্যাপশনে আকশা লিখেছিলেন— “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।”
সবচেয়ে বেশি আলোচনায় আসে হুমার অনামিকায় হীরের আংটি। সেটি দেখে ভক্তরা নিশ্চিত হন যে এবার হয়তো সংসারী হতে চলেছেন অভিনেত্রী। যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি হুমা কোরেশি।