চলতি বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে কিছুটা দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষের শুরুতেই বই হাতে পাবে শিক্ষার্থীরা। এমন আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, গত বছর কার্যাদেশ দেওয়া হয়েছিল নভেম্বর মাসে, ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হয়েছিল। এ বছর যেন ১ জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়, সে জন্য সেপ্টেম্বর মাসেই কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু কার্যাদেশ দেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে বাকিগুলোও সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে আগামী সপ্তাহেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে বলা হয়েছে, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো নিশ্চিত করতে হবে। তবে পূর্ববর্তী কার্যাদেশে যেসব প্রতিষ্ঠান কাজ করেছে, তাদের বইয়ের মান, কাগজের মান এবং একাধিক কাজের ক্ষেত্রে একচেটিয়াভাব আছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে।
আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে তিন মাস দেরি হয়েছিল। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এবার কোনো দেরি হবে না, জানুয়ারিতেই বই বিতরণ শুরু হবে।”
বই ছাপানোর দায়িত্ব কোন প্রতিষ্ঠান পাবে এবং কবে সেই সিদ্ধান্ত হবে—এ বিষয়ে তিনি জানান, সেপ্টেম্বর মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সপ্তাহ দুয়েকের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে।