চলতি সেপ্টেম্বর মাসের ২২ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৪ হাজার ৫৪০ কোটি টাকার সমান। শুধু গতকাল (২২ সেপ্টেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ৭৮০ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে (সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে) দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৬ কোটি ৯০ লাখ ডলার। এ বছর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ২০৯ কোটি ৫০ লাখ ডলারে। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ ডলার বা ১৮ দশমিক ৪০ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে এখন পর্যন্ত (১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫৯০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।
শুধু জুলাই মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্ট মাসে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকার সমান।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল ওই বছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। এর আগের বছর (২০২৩-২৪ অর্থবছর) রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ—
জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
নভেম্বর: ২২০ কোটি ডলার
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
মার্চ: ৩২৯ কোটি ডলার
এপ্রিল: ২৭৫ কোটি ডলার
মে: ২৯৭ কোটি ডলার
জুন: ২৮২ কোটি ডলার
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।