জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হুসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে জনশক্তি রপ্তানি, দ্বিপক্ষীয় বাণিজ্য, যোগাযোগ এবং বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।
এর আগে মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে আয়োজিত শান্তি নির্মাণ কমিশনের (পিবিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি পিবিসির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সনদ, অন্তর্ভুক্তিমূলক শাসন ও সামাজিক সংহতির নীতির প্রতি বাংলাদেশ অটল রয়েছে। একইসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান, শান্তি প্রতিষ্ঠা তহবিলে সহায়তা এবং জাতীয় পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা এসময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বাংলাদেশের ধারাবাহিক আহ্বানের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।