যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পর্যটন খাতে ১৫০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। সিরিয়ার পর্যটনমন্ত্রী মাজেন আল-সালহানির বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে।
মন্ত্রী আল-সালহানি জানিয়েছেন, প্রত্যক্ষ বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক মিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার। এই বিনিয়োগের আওতায় নতুন হোটেল, রিসোর্ট, বিনোদন নগরী নির্মাণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন এবং ঐতিহাসিক স্থানগুলো সংস্কার করা হবে।
আগস্টে সিরিয়া অবকাঠামো, পরিবহন ও আবাসন খাতে ১২টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছিল, যার মোট মূল্য ছিল প্রায় ১,৪০০ কোটি মার্কিন ডলার। এসব প্রকল্প গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
বিনিয়োগের এই প্রকল্পগুলো শুধু পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করবে না, বরং কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।