বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ঢালাওভাবে জব্দ রাখা উচিত নয়। তিনি বলেন, বড় ধরনের কোনো আর্থিক বিচ্যুতি ছাড়া জব্দ করা ব্যাংক হিসাব খোলা উচিত, নাহলে তা সার্বিক ব্যবসা-বাণিজ্য, দারিদ্র্য এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি ও রাজনীতি পরস্পরের পরিপূরক। দুর্বল শাসনব্যবস্থায় শক্তিশালী অর্থনীতি পরিচালনা সম্ভব নয়। স্বল্প মেয়াদি সরকারের দীর্ঘমেয়াদি অর্থনীতির জন্য ক্ষতিকর প্রভাব থাকে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে বাধা তৈরি হয়। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সরকার অপরিহার্য।
ফাহমিদা খাতুন আরও উল্লেখ করেন, গত এক বছরে কিছু অর্থনৈতিক সূচক ধরে রাখা গেলেও সার্বিক সংকট কাটেনি এবং দারিদ্র্য কমছে না। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাংকিং খাতে সুশাসনের অভাব ছিল। রাজনৈতিক প্রভাবের কারণে বেশি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল এবং ব্যাংকগুলোকে সম্পদ বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ ওঠে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে দুর্বল ব্যাংকগুলো একীভূত করা হলেও এটি জটিল ও ঝুঁকিপূর্ণ, এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতের মাফিয়াদের সুবিধা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, তখন দেশে ‘মাফিয়া অর্থনীতি’ চলছিল। ইসলামী ব্যাংকসহ একাধিক ভালো ব্যাংক লুণ্ঠিত হয়েছে। এসব আর্থিক মাফিয়া ব্যাংকের আমানতকারীদের টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। ফলে ব্যাংক গ্রাহকরা আতঙ্ক ও উদ্বেগে রয়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা বিজয়ী হন। তারা সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম, প্রফেশনাল একাউন্টেন্ট আবুল বশির খান, সাংবাদিক ম. আলমগীর হোসেন এবং রেফায়েত উল্লাহ মীরধা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।