ভারত থেকে আমদানি করা চাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছেছে। ভারতের দুটি ট্রাকে আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে মোট ৫০ টন সেদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমস কর্তৃপক্ষের যাচাই-বাছাই শেষে এসব চালের ছাড়পত্র প্রদান করা হবে।
স্থলবন্দর সূত্র জানায়, চট্টগ্রামের মক্কা ট্রেডার্স প্রতিষ্ঠান এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের মূল্য ৫০০ মার্কিন ডলার। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ ট্রেডিং এই চাল রপ্তানি করেছে।
আখাউড়া স্থলবন্দরে চাল আমদানের দায়িত্বে থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন বলেন, “চট্টগ্রামের মক্কা ট্রেডার্স সেদ্ধ ও আতপ চাল আমদানের জন্য এলসি খুলেছে। এর অংশ হিসেবে দুটি ট্রাকে ৫০ টন চাল স্থলবন্দরে এসেছে। এই চাল চট্টগ্রামে পাঠানো হবে। স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি হলে ব্যবসায়ী ও সরকার উভয়েরই লাভ হবে।”
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বিকেল সাড়ে চারটার দিকে দুই ট্রাকে চাল স্থলবন্দরে পৌঁছেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও শুল্ক পরিশোধের পরই চালের ছাড়পত্র দেওয়া হবে।