ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলায় আসামি করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরমিট কোম্পানির এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের মালিক জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক মিছাবাহুল আলম, ক্রিসেন্ট ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম এবং রেডিয়াস ট্রেডিংয়ের মালিক ফরিদ উদ্দিনকে।
এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ইউসিবিএল মহাখালী শাখার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কিস্তিতে মোট ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ আদায় করেন। পরবর্তীতে সেই অর্থ হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার এবং মানিলন্ডারিং করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও (৩) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের এমডি আব্দুল কাদির মোল্লার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাইফুজ্জামান ও রুকমীলাসহ ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে দুদক।
বর্তমানে প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে। ক্ষমতার পরিবর্তনের পর দুদক সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। ইতোমধ্যে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালত নির্দেশ দিয়েছেন।