রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ পাবে।
২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর এবং ২৯ সেপ্টেম্বর (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছে সংস্থার জনসংযোগ দপ্তরের মহাপরিচালক।
প্রজ্ঞাপনে বলা হয়, বহু রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স গ্রহণ করতে পারে না। তাদের সহায়তার জন্যই এ নীতিগত সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান নির্ধারিত শর্ত মেনে, আমদানি করা কাঁচামালের ওপর শুল্ক ও কর প্রদানের পরিবর্তে সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে শুল্কমুক্ত সুবিধা পাবে।
এনবিআর মনে করছে, এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারক শিল্পগুলো তাদের উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে পারবে, নতুন নতুন পণ্য উৎপাদন ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে এবং সামগ্রিকভাবে দেশের রপ্তানি বাণিজ্যে গতি আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ, বন্ড লাইসেন্স প্রাপ্তি ও ব্যবস্থাপনা অনেক সময় জটিল ও ব্যয়বহুল হয়ে ওঠে। এই সুবিধার মাধ্যমে সেই জটিলতা কাটিয়ে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সহজ হবে।
শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে আমদানি করা কাঁচামালের ওপর কাস্টমস কর্তৃক নির্ধারিত শুল্ক ও করের সমমূল্যের বৈধ ব্যাংক গ্যারান্টি প্রদান করতে হবে। একইসঙ্গে বন্ড ব্যবস্থাপনার অন্যান্য শর্তাবলীও বহাল থাকবে।