ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোগ নিচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) একই প্ল্যাটফর্মে ইন্টার-অপারেবল লেনদেন চালু করবে।
অর্থাৎ, এখন থেকে একজন গ্রাহক চাইলে বিকাশ থেকে নগদে, ব্যাংক হিসাব থেকে এমএফএসে বা এমএফএস থেকে ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারবেন, কোনও আলাদা সিস্টেমে না গিয়েই।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
লেনদেনে ফি কত হবে
ব্যাংক থেকে: সর্বোচ্চ ০.১৫%
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP): সর্বোচ্চ ০.২০%
এমএফএস প্রোভাইডার: সর্বোচ্চ ০.৮৫%
নোট: প্রাপককে কোনও ফি দিতে হবে না। ফি’সহ ভ্যাট স্বচ্ছভাবে প্রদর্শন করা হবে এবং প্রেরকের হিসাব থেকে সরাসরি আদায় করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের লেনদেন সীমা আগের মতোই থাকবে। অর্থাৎ ব্যাংক বা এমএফএসের বর্তমান লেনদেন সীমা পরিবর্তন হবে না।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ফি আগের মতোই প্রযোজ্য থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা আরও সুবিধা পাবেন ব্যাংক ও মোবাইল ওয়ালেটের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তর সম্ভব হবে। নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান জানিয়েছেন, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) অবকাঠামোর মাধ্যমে এই নতুন লেনদেন পদ্ধতি চালু হবে।
এটি দেশের ডিজিটাল ফাইন্যান্স খাতে নতুন যুগের সূচনা করবে। বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব প্ল্যাটফর্মের মধ্যে টাকা আদান-প্রদানের সুবিধা এক প্ল্যাটফর্মে এসে যাবে। ফলে গ্রাহকদের সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশকে নগদবিহীন অর্থনীতির পথে আরও এগিয়ে নেবে।