সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে (২৪) চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নয়নকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গণপূর্ত অধিদফতরের সামনে জনতা তাদের আটক করে এবং পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর নিশ্চিত করেন। তিনি বলেন, “রাতে ট্রাক চালক সুমন (৩৫) ও সহকারী ফরহাদ (২০) আটক করে থানা আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় তারা। আগুন নেভানোর সময় রাত পৌনে ৩টার দিকে ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য ট্রাকচালক তার গতি বাড়িয়ে দেন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে পৌঁছালে সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা ও জনতা ব্যারিকেড দেয়। এরপর ট্রাকটি থামিয়ে চালক ও তার সহকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর করতে চাইলে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।