দেশে বীমা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা সামনে রেখে গ্রাহকদের জন্য জীবন বীমা ও সাধারণ বীমার সমন্বিত সেবা দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এক সমঝোতা স্মারকে সই করেছে।
এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও উন্নত বীমা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। রোববার (২৯ ডিসেম্বর) গার্ডিয়ান লাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খালেদ মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ স্মারকে সই করেন।
গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে বীমা সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ বীমা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। লাইফ (জীবন) ও নন-লাইফ (সাধারণ) বীমা পলিসির সমন্বয়ে গার্ডিয়ান লাইফ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রাহকদের বীমা সংক্রান্ত সব প্রয়োজন পূরণে একসঙ্গে কাজ করবে।