নতুন যাত্রা শুরু করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি। যেকোনো সময়ই অবসর নিতে পারেন এই ফুটবল তারকা। রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন তিনি।
স্পেনের বাজারে রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্ট, ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’ আত্মপ্রকাশ করেছে। জানা গেছে এই বোর্ডের চেয়ারম্যান মেসি।
বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী, মেসি নিজেই এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। এর একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের বাহন, যার নাম লিমেকু এস্পানা ২০১০।
স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার টাকার বেশি। সব মিলিয়ে বাজারে এর মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো (২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা)।
এদিফিসিও রসটাওয়ার সোচিমির স্পেন এবং অ্যান্ডোরায় ৭টি হোটেল আছে। স্পেনে ৩টি অফিস স্পেস ও ৫টি অ্যাপার্টমেন্টও আছে। লন্ডন এবং প্যারিসেও আছে আবাসিক সম্পত্তি। সেখানে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা আছে তাদের।
২০১৩ সালে মেসির বিনিয়োগ ট্রাস্টির যাত্রা শুরু হয়। কোম্পানির বেশির ভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। সেখানে বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত।