আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী ও বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে মানবসম্পদ বিভাগের প্রধানসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে দৈনিক বাংলা মোড় এলাকায় ঘটে।
আহতদের মধ্যে নিরাপত্তারক্ষী শাহীনুর অবস্থান সংকটজনক, বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মানবসম্পদ বিভাগের প্রধান আমীর হোসেন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীদের হাত থেকে ব্যাংকের তিনজন উপব্যবস্থাপনা পরিচালককে পুলিশ উদ্ধার করেছে।
এছাড়া আহতদের তালিকায় আছেন নিরাপত্তারক্ষী লিটন, ইলিয়াস, ফাহিম, রকি হোসেন, তোফায়েল, নূর আলম, আরিফ, জাকির হোসেন, সাগর, লুৎফর, ফারুক ও সোহেল। বরখাস্ত কর্মীদের মধ্যে নুরুল আকিব, আরিফা খাতুন, মুক্তা আক্তার, নাঈমুদ্দিন ও রেজাউল করিম আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বরখাস্ত কর্মীদের নেতা জুবায়ের বিন রশিদ জানান, গত ২০ জুলাই দেশে ৫৪৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়। ২২ জুলাই থেকে তারা চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। তিনি অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান কর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করলে একাধিক অনিয়ম ধরা পড়ে। এরপর ১৪১৪ জন কর্মীর মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়, যার মধ্যে ৫৪৭ জন পরীক্ষায় ফেল করার কারণে বরখাস্ত হন।
বরখাস্ত কর্মীরা ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবরোধ চালাচ্ছেন, যাতে সময় সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে।