বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের বিপরীতে ‘ওয়ার-২’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা কিয়ারা আদভানি। ছবির একটি গানে দু’জনের রোমান্টিক কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকের মন কাড়ছে। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিয়ারা— কারণ এই ছবিতেই প্রথমবার তিনি বড়পর্দায় হাজির হয়েছেন গ্ল্যামারাস বিকিনি লুকে।

এমন ফিট এবং টোনড ‘বিকিনি-বডি’ পেতে কিয়ারাকে পুরোপুরি বদলে ফেলতে হয়েছে তার খাবারের অভ্যাস। ফাস্টফুড ও প্রসেসড খাবার বাদ দিয়ে তিনি বেছে নিয়েছেন স্বাস্থ্যকর ও সময়মতো খাওয়ার অভ্যাস। সম্প্রতি পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারার ব্যক্তিগত পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়া জানান, পুরো পরিকল্পনাটি ছিল খুবই কৌশলগত।
নিকোলের মতে, কিয়ারার দুপুর ও রাতের খাবারে সবসময় রাখা হতো পুষ্টিকর এবং মুখরোচক উপকরণ। যেমন— গ্রিলড চিকেন বা হালকা মুরগির তরকারি থেকে আসা লিন প্রোটিন, আর সঙ্গে অ্যাসপারাগাস ও ছোট আলুর মতো ভিটামিন ও ফাইবারসমৃদ্ধ সবজি। প্রতিটি মিলে প্রোটিন যোগ করার উদ্দেশ্য ছিল দীর্ঘ সময়ের শুটিং এবং ব্যায়ামের চাপ সামলানো।
তার ডায়েট চার্ট নির্ভর করত ওয়ার্কআউট রুটিনের উপর। সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রোটিন-কার্ব-ফ্যাটের সঠিক ভারসাম্য বজায় রাখা এবং ক্যালরি ঘাটতি ধরে রাখা।
সকালের নাশতায় থাকত প্রোটিন প্যানকেক— যা তৈরি হতো ওটস ফ্লাওয়ার, আখরোট গুঁড়া এবং প্রোটিন পাউডার দিয়ে। প্রাকৃতিক মিষ্টির জন্য ব্যবহার করা হতো মঙ্ক ফ্রুট এক্সট্রাক্ট বা ম্যাপেল সিরাপ, আর টপিং হিসেবে থাকত তাজা বেরি ও ঘরে তৈরি হেজেলনাট বাটার— যা দীর্ঘ সময় শক্তি যোগাত।
ব্যায়ামের পর সাধারণ প্রোটিন শেকের বদলে কিয়ারা পান করতেন ঘরে তৈরি ডিটক্স ওয়াটার। ছাতু, জিরা গুঁড়া ও তাজা ধনেপাতা মিশিয়ে বানানো এই ঐতিহ্যবাহী ভারতীয় পানীয় শরীর ঠান্ডা রাখার পাশাপাশি তাকে রাখত হাইড্রেটেড ও সতেজ।